সরকারি চাকরির ইন্টারভিউ চলছে
সরকারি চাকরির ইন্টারভিউ চলছে। গম্ভীর মুখে বসে আছেন তিনজন পরীক্ষক।
প্রথম যে চাকরিপ্রার্থী এলো তাকে সহজ একটি প্রশ্ন করে সাক্ষাৎকার শুরু করতে চাইলেন প্রথম পরীক্ষক, "ধরো, তুমি বাজারে গেলে আপেল কিনতে। ১ কেজি আপেলের দাম ৩০০ টাকা হলে তুমি ১০০ গ্রাম আপেলের দাম কত দেবে?"
শুনে সহাস্য ভঙ্গিতে প্রার্থী বলল, "স্যার, ১০০ গ্রাম আপেল যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে সরকারি চাকরি করব কি করতে?"
পরীক্ষক মজা পেলেন উত্তর শুনে। এবার দ্বিতীয় পরীক্ষক বললেন, "যদি তোমার বাবা কিনতে যান?"
- আমার বাবার দাঁত নেই! শুধু কলা খেতে পারেন, আপেল দিয়ে কি করবেন?
এবার তৃতীয় পরীক্ষক জিজ্ঞাসা করলেন, "আচ্ছা, যদি তোমার ভাই কিনতে যায়?"
- স্যার, আমার ভাই যদি ১০০ গ্রাম আপেল কেনে তাহলে অযথা ১ কেজির দাম জিজ্ঞেস করবে কেন? ১০০ গ্রামের দামই জিজ্ঞেস করবে।
মরিয়া হয়ে ওই পরীক্ষক জানতে চাইলেন, যদি সাধারণ কেউ কেনে?
- স্যার, সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে? কিনলে পয়সাওয়ালা কেউ কিনবে!
এবার দ্বিতীয় পরীক্ষক জিজ্ঞাসা করলেন, আচ্ছা, যদি পয়সাওয়ালা কেউ কেনে? তাহলে কত দাম দেবে?
- স্যার, পয়সাওয়ালা কেউ যদি কেনে সে কি আর ১০০ গ্রাম কিনবে? সে কম করে হলেও দুই কেজি কিনবে।
এবার বেশ বিরক্ত হয়ে প্রথম পরীক্ষক জিজ্ঞেস করলেন, সামান্য আপেল নিয়ে তুমি এত কথা বলছ কেন?
এবার প্রার্থী উত্তেজিত হয়ে বলল, স্যার, কি বলছেন আপনি! আপেল মোটেই সামান্য কোনো ফল নয়। চারটে আপেল পৃথিবী বিখ্যাত। প্রথম আপেলটি আদম খেয়েছে বলে আমাদের এই দুনিয়ায় আসতে হয়েছে। নইলে আমরা থাকতাম বেহেশতে।
দ্বিতীয় আপেল হলো, নিউটনের আপেল। সেদিন নিউটনের মাথায় আপেল না পড়লে এই মহাকর্ষতত্ত্ব অভিকর্ষতত্ত্ব পড়ে ব্রেন নষ্ট করতে হতো না!
তৃতীয় আপেল হলো, স্টিভ জবসের আপেল। আইফোন, আইপ্যাড এইসব যন্ত্রণা ওই আপেলেরই জন্য!
আর চতুর্থ আপেল হলো, আজকের আপেল যা আমার চাকুরি হওয়া বা না হওয়ার কারণ হবে। এরপরও কি আপনারা আপেলকে সামান্য ফল বলবেন?
তিন পরীক্ষক (সমস্বরে) বললেন, না, না! সামান্য নয়, অসামান্য। তবে তোমার চাকুরি পাক্কা! তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো।
